না পাওয়ার বেদনায় বাজেটের সমালোচনা করছে: প্রধানমন্ত্রী
|
 |
 |
 |
|
Sat 9 Jun 2012 2:53 AM BdST
|
ঢাকা, ৮ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বাজেটে জনগণ শুভফল পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এর সমালোচনা করছেন, তারা না পাওয়ার বেদনা ও জ্বালাযন্ত্রণা থেকে করছেন।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। গতকাল বৃহস্পতিবার ২০১২-২০১৩ অর্থবছরের জন্য ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার ব্যয়ের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অনেকেই এটাকে বড় বাজেট বলছেন। কিন্তু দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য বড় বাজেটের প্রয়োজন আছে। যারা এর সমালোচনা করছেন, তারা না পাওয়ার বেদনা ও জ্বালাযন্ত্রণা থেকে করছেন।
তিনি বলেন, বাংলাদেশের ১৫-১৬ কোটি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বড় বাজেটই করতে হবে। অনেকে এ বাজেটকে বড় বললেও আমরা বাস্তবায়ন করতে পারবো। এতে জনগণ শুভফল পাবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা প্রতিটি বাজেট দিয়েছি। সে অনুযায়ী এবারও বাজেট দেওয়া হয়েছে। পাঁচ শতাংশ ঘাটতি নিয়েই বাজেট দিয়েছি। আগেও পাঁচ শতাংশ ঘাটতিই ছিল।
তিনি অর্থমন্ত্রীকে ‘সময়োপযোগী’ বাজেট দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারবো।
শেখ হাসিনা বলেন, যারা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসে দেশ শাসন করেছে তারা শুধু ক্ষমতা ভোগ করতে চেয়েছে। দেশের মানুষের উন্নয়ন তাদের লক্ষ্য ছিল না। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে উৎপাদন বাড়িয়েছে, দেশের মানুষের উন্নয়ন হচ্ছে।
তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা দুর্নীতিবাজ, জঙ্গিবাজ, সন্ত্রাস সৃষ্টি করে তারা যেন মানুষকে আর জিম্মি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
বক্তৃতার শুরুতেই আওয়ামী লীগ সভনেত্রী বৈঠকের আলোচ্যসূচি জানান। এই বৈঠকে শোক প্রস্তাব, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি, সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের সম্ভাব্য তারিখ এবং তৃণমূল পর্যায়ের সম্মেলন ত্বরান্বিত করতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম গঠন করা হবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/এমএইচএম/এমএম_২০৫২ ঘ.
|
|
|
|