সংসদে বিচারপতিদের জবাবদিহিতার পক্ষে মওদুদ
|
 |
 |
 |
|
Thu 7 Jun 2012 2:28 AM BdST
|
ঢাকা, ৬ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সংসদে বিচারপতিদের জবাবদিহিতার পক্ষে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এজন্য বাহাত্তরের সংবিধানের ৯৬ নং অনুচ্ছেদ পুনর্বহালেরও দাবি জানান তিনি।
বধুবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই আইনমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দল এ আলোচনা সভার আয়োজন করে।
সংসদের ওপর আদালতের কোনো ধরনের প্রভাব খাটানোর অধিকার নেই মন্তব্য করে মওদুদ বলেন, কোনো সংসদীয় ব্যবস্থার দেশে জুডিশিয়াল ব্যবস্থা থাকতে পারে না। আর সংসদের অধিকার আছে দেশের যেকোনো বিষয় নিয়ে আলোচনা করার।
তিনি বলেন, বাহাত্তরের সংবিধানের ৯৬ নং অনুচ্ছেদ সরকারকে পুনর্বহাল করে সংসদের কাছে আদালতের জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। বিচারপতিরা বিচারপতিদের বিচার করবে তা হতে পারে না। তারা সংসদের কাছে জবাবদিহি করবে।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের স্ববিরোধী রায় দেশে সঙ্কট সৃষ্টি করছে। তার ওই রায়ের কারণেই দেশের বর্তমানে এই সংঘাতময় অবস্থা।
তিনি বিচারপতিদের উদ্দেশ্য করে বলেন, ‘যেকোনো মামলায় আপনারা পরিপূর্ণ রায় দিয়ে এবং তাতে সই দিয়ে অবসরে যান। আপনাদের সাংঘর্ষিক রায়ের কারণে জাতি সংঘর্ষের দিকে ধাবিত হয়।’
মওদুদ বলেন, ‘আগামী ১১ জুনের সমাবেশ আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সরকার মনে করেছে- নেতাদের কারাগারে দিলেই সমাবেশ বন্ধ করা যাবে, তাদের সেই ধারণা ভুল প্রমাণ করতেই আমরা ১১ জুনের সমাবেশকে মহাসমুদ্রে পরিণত করবো।’
এসময় আইন তার নিজস্ব গতিতে চললে আগামীকাল বৃহস্পতিবারই বিএনপি নেতারা মুক্তি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা এমপি প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এসআই_ ২০২৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|